সারাদেশ বিনোদন ডেস্ক
সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয় হাসিমুখ-এর শিক্ষার্থীদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করেছে আইনসেবা এ লিগ্যাল সাপোর্ট সেন্টার সোসাইটি।
গত রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির মেহেরুননেছা স্কুলে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা নববর্ষ উদযাপন করে।
শিশুদের সঙ্গে নববর্ষ উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনসেবা এ লিগ্যাল সাপোর্ট সেন্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান ও উপদেষ্টা চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান। এ সময় শিশুদের নিয়ে আইনসেবার অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয় এবং আইনসেবার পক্ষ থেকে শিশুদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টা ড. সলিমুল্লাহ খান তার বক্তব্যে বলেন, ‘আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন একজন বড় লেখক আহমেদ ছফা পরিবাগে শিশুদের জন্য একটি ছোট স্কুল খুলেছিলেন। নাম ছিল শিল্পী সুলতান পাঠশালা। ঠিক তেমনি হাসিমুখ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে একটি স্কুল পরিচালনা করছে। আমাদের দেশের সব ছেলেমেয়ে সমান সুযোগ পায় না, তাই যেসব উদ্যোমী তরুণ এই হাসিমুখ স্কুলে সহায়তা করছে তাদের সাধুবাদ জানাই। সেইসঙ্গে আমাদের আইনসেবার যেসব সদস্য হাসিমুখের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নববর্ষ উদযাপন করছে তাদেরকেও ধন্যবাদ জানাই।’ আইনসেবার নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী স্বর্ণকান্তি দাস চৌধুরী বলেন, ‘বিক্ষিপ্তভাবে বেড়ে ওঠা এসব শিশু যেমন বঞ্চিত হচ্ছে তাদের ন্যূনতম অধিকার থেকে, ঠিক তেমনি বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। দরিদ্র পরিবারগুলো যেমন তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে না দারিদ্র্যের কারণে সেখানে এই স্কুল সেই সেবা দিচ্ছে। তাই আইনসেবার পক্ষ থেকে আমরা হাসিমুখ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।’ অনুষ্ঠানটি বাঙালি ঐত্যিহ্যের আমেজে সাজানো হয়। শিশুদের পারফর্ম করার জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত ছিল। শিশুরা নাচ-গান পরিবেশন করে এবং শিশুদের তৈরি হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে হাসিমুখের উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রেজাউল হক উপস্থিত ছিলেন।
