সুইডেনে বাংলাদেশ দূতাবাসে নববর্ষ বরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৭:৫৬
সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উৎসবমুখর পরিবেশে বাঙ্গালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দূতাবাস চত্বরকে বাঁশ, বেত ও রঙিন কাগজের বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে সাজানো হয়। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে দূতাবাস চত্বর এক টুকরা বাংলাদেশের রূপ ধারণ করে। 
 
এসময় রাষ্ট্রদূত নাজমুল ইসলাম তার স্বাগত বক্তব্যে আগত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বাংলা নববর্ষ সূচনার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনের মূল আকর্ষণ ‘মঙ্গল শোভাযাত্রা’ যথাযথ গুরুত্ব পায় রাষ্ট্রদূতের বক্তব্যে। তিনি গর্বের সঙ্গে ইউনেস্কো কর্তৃক ২০১৬ সালের নভেম্বরে ‘মঙ্গল শোভাযাত্রা’কে ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ’ এর তালিকায় অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 
 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নিরন্তর অগ্রযাত্রা ও বিশ্বসভায় অধিকতর মর্যাদার আসনে আসীন হওয়ার প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রদূত ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতির বিষয়টিও তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রবাসী শিল্পীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা নাচ, গান ও কবিতার মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করে। উপস্থিত সকলেই ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। 
 
ইত্তেফাক/সেতু