শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বর্ষবরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:১৮

শান্তিনগরস্থ গোল্ডেন এরা কিডস স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উদযাপন করেছে বর্ষবরণ উত্সব ১৪২৬। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় শুরু হয় বর্ষবরণ উত্সব। বৈশাখী উত্সবের প্রধান উত্সবমণি ছিলেন বিসিএস (সাধারণ শিক্ষা) লেখক ও শিল্পী অধ্যাপক ড. সন্তোষ ঢালী। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা। আরো উপস্থিত ছিলেন কবি সৈয়দ নাজমুল আহসান, শিশু বিশেষজ্ঞ ডা. মো. মনজুরুল করিম, ডা. ফয়েজ আহমদ খন্দকার, ডা. শারমিন আক্তার সুমি, মো. সামিউল হক    খান, এফসিএ কাফকোর মো. অতিকুর রহমান ও ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. এমএ মুক্তাদীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক রাসেল আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের ছিলেন শিক্ষকবৃন্দ।

মঞ্চসজ্জায় ছিলেন অঙ্কন শিক্ষক অজিত কুমার সরকার।

বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা তার শুভেচ্ছা বক্তব্যে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘সন্তানকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ তৈরি এবং অপসংস্কৃতি থেকে নিজেকে ও সন্তানকে মুক্ত রেখে নিজ সংস্কৃতিকে ধরে রাখতে হবে। সন্তানের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ তৈরি করে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই সে হবে আমাদের আগামীর প্রত্যাশা। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল হলেও এখানকার শিশুরা শুধু ইংরেজি শেখে কিন্তু ওরা ষোলয়ানা বাঙালি।’ বরাবরের মতো তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও ব্যক্তিগত কাজে বাংলা তারিখ ও সাল ব্যবহার করে আমাদের বর্ষপঞ্জিকে সমৃদ্ধ করার আহ্বান জানান। শিল্পী সন্তোষ ঢালী বলেন, ‘শিক্ষার্থীদের আগে ভালো মানুষ হতে হবে তারপর বাঙালি হতে হবে।’