নিউইয়র্কে হিন্দু মন্দির ও শ্মশান প্রকল্পের উদ্যোগ গ্রহণ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২৩:৪০

নিউইয়র্কে মন্দির ও শ্মশান প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের রুজভেল্ট অ্যাভিনিউ’র ওঁমশক্তি মন্দিরে আয়োজিত এক সমাবেশে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এ তথ্য জানান।

তারা বলেন, ক্রমবর্ধমান প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় এখন নিউইয়র্কের সর্বত্র বসবাস করছেন। এ কারণে প্রবাসী হিন্দু সমাজের প্রথা ও রীতি অনুযায়ী শবদেহ সৎকারের জন্য কালীমন্দির ও ফিউনারেল হোম নির্মাণের দাবি দীর্ঘদিনের। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রতিমাসে ভক্তবৃন্দ অনুদান দিচ্ছেন।
IMG0
নেতৃবৃন্দ জানান, মন্দির ও শ্মশান প্রকল্প বাস্তবায়নের জন্য নিউইয়র্ক সিটির যথাযথ দপ্তরে প্রাথমিক পেপারওয়ার্কের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও যে কোনো দেশের নাগরিকদের শবদহের জন্য তা ব্যবহার করা যাবে।
IMG1
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. নিহার সরকার, উজ্জ্বল রায়, নিখিল মন্ডল, দীপংকর রায়, বিজয় কৃষ্ণ ভৌমিক, উওম মন্ডল, হিমান রায়, প্রিতীশ বালা, সুরুজ শীল প্রমুখ।

সমাবেশে বিশ্বের সকল মানবজাতির কল্যাণে শান্তি প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীর সঠিক পরিসংখ্যান না থাকলেও গত বছর সিটির জ্যামাইকা, জ্যাকসন হাইটস, উডসাইড, ব্রঙ্কস, ব্রুকলিনে মোট ১২টি দুর্গাপূঁজা বাংলাদেশিদের আয়োজনে সম্পন্ন হয় এবং সেখানে শত শত প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/নূহু