মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে পুরোনো বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে বরণ অনুষ্ঠান গত শনিবার রাতে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আর বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা আজ আন্তর্জাতিকভাবে সুখ্যাতি অর্জন করেছেন। বর্ষবরণের দিন সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আমরা চাই আমাদের জীবন থেকে সকল প্রকার অমঙ্গল দূর হয়ে যাক। বর্তমান সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে আমরা নিয়োজিত আছি।’ মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বাঙালি সংস্কৃতির বিকাশে সকলকে তিনি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক বাছির দুলাল ও উত্তম কুমার দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো. মনির হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, নাট্যজন মনজুরুল আলম ও ত্রিপুরার আবৃত্তিশিল্পী ও সঞ্চালক শুভ্রজিত ভট্টাচার্য। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সমাজকর্মী নজরুল ইসলাম, বিজিএফসিএল সিবিএ সভাপতি এসএম তৌফিক বেলাল ও তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হূদয় কামাল। আবৃত্তিশিল্পী বাছির দুলালের নির্দেশনায় তিতাস আবৃত্তি সংগঠনের শিশুদের মঙ্গল আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একক আবৃত্তি করেন আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের প্রশিক্ষক শারমিন সুলতানা, প্রবর্তক আবৃত্তিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সোহেল আহাদ ও ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান ভূঞা শিপু। একক গান পরিবেশন করেন সোহাগ রায়, নবনীতা রায় বর্মণ, দেবাশীষ দেবু ও মিতালী বিশ্বাস। দলীয় সঙ্গীত পরিবেশন করে সুর তাল সঙ্গীত একাডেমি, অভি ও তার দাল, শেষ বিন্দু ও ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ। দলীয় নৃত্য পরিবেশন করে এমরানের নেতৃত্বে ক্রিসেন্ট কিন্টার গার্টেন, জে আমিনের নেতৃত্বে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ। এছাড়া অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী মো. মনির হোসেন ও উত্তম কুমার দাসের নির্দেশনায় তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীরা দুটি বৃন্দ কিংবদন্তীর কথা বলছি ও গাও প্রভাতের গান পরিবেশন করেন।
