তিতাসের হাটবাজারে যত্রতত্র আবর্জনার স্তূপ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০১:৩৫

তিতাসের হাটবাজারে ময়লা-আবর্জনা সংরক্ষণের নির্দিষ্ট স্থান না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ওই স্থানের আশপাশে বসবাসকারী ও চলাচলকারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

সরেজমিনে উপজেলার আসমানিয়া, মাছিমপুর, বাতাকান্দি ও কড়িকান্দি বাজার পরিদর্শনে এমন দৃশ্যই চোখে পড়ে।

মকবুল হোসেন, আসাদুজ্জামানসহ উপজেলার বাতাকান্দি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, যত্রতত্র ময়লা ফেলায় আমাদের সারাক্ষণ দুর্গন্ধের মধ্যে থাকতে হচ্ছে।

উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া জানান, বিষয়টি আমি লক্ষ্য করেছি। তবে বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান থাকা দরকার। বাজারের পরিবেশকে কিভাবে সুন্দর রাখা যায়, সে ব্যাপারে আমার পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে নাড়া দিয়েছে। এবারের এডিবি বা রাজস্ব খাত থেকে বাজারে প্রকল্প দেয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রতিটি বাজারেই বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান থাকা উচিত।’

ইত্তেফাক/নূহু