ব্যান্ডদল ‘স্বপ্ন’ নিয়ে মিঠু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:২৪

g বিনোদন রিপোর্ট

 

‘ঘুমাও রাতের তারা’ নামের একটি অ্যালবামেই শ্রোতাদের ভেতরে সাড়া ফেলেছিলেন কণ্ঠশিল্পী মিঠু। এরপর দেশে বেশকিছু অ্যালবাম বের করলেও উচ্চশিক্ষা ও পারিবারিক কারণে দেশ ছাড়তে হয় তাকে। পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সেখানে দীর্ঘদিন ধরে কাজ করলেও গান ছাড়েননি মিঠু। মিঠু বলেন, ‘আমার স্বত্তায় মিশে আছে আমার মিউজিক। তাই নিজের পড়াশোনা ও চাকরির পাশাপাশি অস্ট্রেলিয়ায় একটি ব্যান্ডদল গড়ে তুলি। দীর্ঘ পরিশ্রম আর চর্চায় আজ সেই ব্যান্ডদলটি একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত এখানকার বাঙালি কমিউনিটিতে। সিডনিতে যেকোনো উত্সব আয়োজনে আমরা নিয়মিত পারফর্ম করি।’ মিঠু’র গড়া ব্যান্ডের নাম ‘স্বপ্ন’। আর তিনি তার এই স্বপ্ন নিয়েই পাড়ি দিতে চান অনেক দূরের পথ।  মিঠু বলেন, ‘দেশে আসি এই গানের টানেই। বেশকিছু নতুন গান রিলিজ দেবো খুব শিগগিরই। দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক পংকজের সুর ও সঙ্গীতে গান তৈরির কাজ চলছে। এছাড়া অস্ট্রেলিয়ার মিউজিশিয়ানদের সাথেও যৌথভাবে কিছু কাজের পরিকল্পনা চলছে। আশা করছি এ বছর নতুনভাবে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হতে পারবো।’

উল্লেখ্য, বাংলাদেশে দুই সপ্তাহের জন্য এলেও চট্টগ্রামের ছেলে মিঠু এরই ভেতরে মোট ৮টি কনসার্টে অংশ নিয়েছেন। মিঠু বলেন, ‘ওই যে কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও... আর আমি যেহেতু সুরের শহর চট্টলার ছেলে, তাই পুরোনো মিউজিশিয়ানরা প্র্যাকটিস প্যাডে ডাকেন। সেখানেই আড্ডা গান দুটোই চলে।  এ কারণে এখনো দেশে এলে স্টেজশো-এর ডাক পাই।’