বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সদ্য প্রয়াত মা ফাতেমা আমিনের মাগফেরাত কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও প্রবাসীরা অংশ নেন।
দোয়া মাহফিলের শুরুতে ঢাকা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিকনফারেন্সে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারান্তরীণ। আমার মাও আমাকে ছেড়ে চলে গেলেন। এ যেন আমার জন্য বড় শোকের দিন, শোকের সময়। কিন্তু আমি মনে করি, আপনাদের ভালবাসা এবং দোয়ায় আল্লাহর রহমতে আমি শোককে শক্তিতে পরিণত করতে পারবো।
ফখরুল বলেন, প্রবাসের নেতাকর্মীরা আমাকে সব সময় সহযোগিতা করেছেন, নানা কর্মসূচিতে সাহস জুগিয়েছেন। আজ আমার মায়ের ইন্তেকালের পর আপনারা দোয়া মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার মরহুম মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছি।
দোয়া মাহফিলে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, আলহাজ সোলায়ান ভুঁইয়া, কামাল পাশা বাবুল, হেলাল উদ্দিন, কাজী সাখাওয়াত হোসেন আজম, জসিম উদ্দিন ভুঁইয়া, ফারুক হোসেন মজুমদার, এমলাক হোসেন ফয়সল, নুরুল আমিন পলাশ, এবাদ চৌধুরী, সেলিম রেজা,যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
