সিরাজগঞ্জের তাড়াশে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ঘর মেরামত ও আসবাবপত্র কেনার অজুহাতে ২২টি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাড়াশ ইউএনও এসএম ফেরদৌস ইসলাম বুধবার সন্ধায় কাটা গাছ জব্দ করেছেন।
জানা গেছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও সুপার যোগসাজোস করে মাদ্রাসা সংলগ্ন রাস্তার ২২টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ বিক্রি করে দেন। যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষাধিক টাকা। এসব গাছ কাটার সময় এলাকাবাসী তাড়াশের ইউএনওর কাছে রাস্তার গাছ কেটে নেয়ার অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ইউএনও এসএম ফেরদৌস ইসলাম তালম ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজাউর রহমান ও উপজেলা বন কর্মকর্তা মোসলেম উদ্দিনকে পাঠিয়ে কাটা গাছ জব্দ করেন।
মাদ্রাসা সুপার মো. জলিলুর রহমান সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তাটি সরকারি হলেও মাদ্রাসার জায়গার উপর দিয়ে গেছে। গাছগুলো তাদের লাগানো।
এ প্রসঙ্গে ইউএনও এসএম ফেরদৌস ইসলাম জানান, ২২টি গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
