সাতক্ষীরায় অপহৃত ৮ জেলে উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১১:৪২
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি দু নলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
 
কোস্টগার্ডের লে. কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আওতাধীন কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি করে। এসময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ধ্বংস করা হয় বনদস্যুদের একটি আস্তানা।
 
এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, একটি দু নালা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি