যুক্তরাষ্ট্রের অন্যতম ক্যাসিনো সিটি নিউজার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসর। স্থানীয় সময় মঙ্গলবার রাতে শেরাটন আটলান্টিক সিটি কনভেনশন সেন্টার হোটেলে অনুষ্ঠিত এ আসরে বাংলাদেশের প্রখ্যাত গণসঙ্গীত ও পপসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর সম্মাননা পেয়েছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা ও তাহসান খান। তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন যথাক্রমে শিফট টেকনোলজির অন্যতম কর্ণধার শায়লা ইফতেখার ও উৎসব ডটকমের সিইও রায়হান জামান।
জনপ্রিয় সঙ্গীত শিল্পীর সম্মাননা পেয়েছেন এসআই টুটুল এবং লোকসঙ্গীতে পেয়েছেন সেলিম চৌধুরী। তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন যথাক্রমে ফকির আলমগীর ও এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। এছাড়া নিউইয়র্কের শিল্পীদের মধ্যে সম্মাননা পেয়েছেন সোনিয়া সুইটি, আফজাল হোসেন ও ফেরদৌসী ইকরাম। তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অন্যান্য অতিথিরা।
ফকির আলমগীরের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন পিপল এন টেকের সিইও প্রকৌশলী আবু বকর হানিফ।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম ও কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন ফকির আলমগীর। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন কনকচাঁপা, সেলিম চৌধুরী, এসআই টুটুল, তাহসান ও রানো নেওয়াজ। তবে দর্শক শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তাহসান। পুরো অনুষ্ঠানটি তিনি মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেতা সজল, অভিনেত্রী পিয়া বিপাশা ও মডেল রাখি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজক প্রতিষ্ঠান শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) কর্ণধার আলমগীর খান আলম।
ঢালিউড অ্যাওয়ার্ডের ১৭তম আসরকে এই প্রথম দুটি পর্বে ভাগ করা হয়েছে, যার প্রথম পর্ব অনুষ্ঠিত হলো আটলান্টিক সিটিতে। আগামী ২২ এপ্রিল নিউইয়র্কের কুইন্সে ইয়র্ক কলেজ অডিটরিয়ামে বসছে দ্বিতীয় পর্বের আসর, যেখানে ঢালিউড ফিল্ম ও মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
কর্ণধার আলমগীর খান আলম এ প্রসঙ্গে জানান, দ্বিতীয় পর্বে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও মডেল অংশ নেবেন। তাদের মধ্যে অভিনেত্রী রোজিনা, নুসরাত ফারিহা, মাহী, তিশা, নাদিয়া, শখ, পিয়া বিপাশা, অভিনেতা সজল, সাজু খাদেম, অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান, সঙ্গীত শিল্পী ফকির আলমগীর, কনকচাঁপা, সেলিম চৌধুরী, এসআই টুটুল, চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস উল্লেখযোগ্য।
তিনি জানান, ঢালিউড অ্যাওয়ার্ডের পরবর্তী আসর যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আয়োজন করা হবে।
ইত্তেফাক/কেআই
