ইমরানা বেগম
সহকারী প্রধান শিক্ষক
আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয়
গাজীপুর।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছ। গত সপ্তাহে তোমরা সন্ধি ও সন্ধির প্রকারভেদ সম্পর্কে জেনেছো। আমরা জানি, সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দু’টি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি বিসর্গ সন্ধি কেবল সংস্কৃত শব্দেই দেখা যায়। বস্তুত বিসর্গ এবং স্-এর সংক্ষিপ্ত রূপ। এবং আরও রয়েছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। যথা: উত্+স্থান=উত্থান। উত্+স্থাপন=উত্থাপন সম্+কৃত=সংস্কৃত।
স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি নিয়ে ‘নবম/দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ’ বইয়ে আরও বিস্তারিত বর্ণনা রয়েছে। আজকে আমরা আরেক ধরনের বিশেষ সন্ধি নিয়ে আলোচনা করবো । সেটি হচ্ছে “নিপাতনে সিদ্ধ সন্ধি”। এটি তোমাদের জন্য একটি সাধারণ সমস্যা। তাহলে এসো আজকে আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি সম্বন্ধে আরেকটু জেনে নেই।
সাধারণত ব্যাকরণের নিয়ম মেনে চলে না যে সন্ধি তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন: কুল+অটা=কুলটা, গো+অক্ষ=গবাক্ষ, অন্য+অন্য=অন্যান্য।
‘ব্যাকরণের সাধারণ সূত্র দিয়ে যখন পদসিদ্ধি হয় না, বিশেষ সূত্রের প্রয়োজন হয় তখন তার নাম নিপাতন। অর্থাত্ সে কোনো নিয়ম মানে না।
সুতরাং, নিয়মানুসারে সিদ্ধ না হয়ে ব্যবহূত হলে তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। নিচে নিপাতনে সিদ্ধ সন্ধির কিছু উদাহরণ দেয়া হলো-
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
অন্য+অন্য=অন্যান্য
কুল+অটা=কুলটা
গো+অক্ষ=গবাক্ষ
শুদ্ধ+উদন=শুদ্ধোদন
প্র+ঊঢ়= প্রৌঢ়
বন+পতি=বনষ্পতি
সম+কৃত=সংষ্কৃত
স্ব+ঈর=স্বর
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি :
আ+চর্য= আশ্চর্য
পর+পর= পরস্পর
এক+দশ=একাদশ
বন+পতি=বনস্পতি
পতত্+অঞ্জলি= পতঞ্জলি
গো+পদ= গোষ্পদ
ষট্+দশ= ষোড়শ
দিব্+লোক=দ্যুলোক
নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি:
বাচ:+ পতি=বাচস্পতি
অহ:+নিশা=অহর্নিশ
আরও কিছু নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি-
প্র+এষণ=প্রেষণ
বিম্ব+ওষ্ঠ=বিম্বোষ্ঠ
গো+ইন্দ্র =গোবিন্দ
আশা করি তোমরা বিষয়গুলো খেয়াল রাখবে এবং নিয়মিত চর্চা অব্যাহত রাখবে। আর বাংলা ব্যাকরণ পড়ার সময় উদাহরণগুলো ভালোভাবে খেয়াল করবে। কেননা আমরা বলেছি যে ,ব্যাকরণ পড়তে হয় উদাহরণ থেকে সূত্রে।
( সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রায়োগিক বাংলা, বাওবি )
আরো জানতে চোখ রাখো ফেইসবুক পেইজে ‘বাংলা বানানের নিয়ম-কানুন’ গ্রুপে ও দৈনিক ইত্তেফাক-এর অনুশীলন পাতায় । বানান নিয়ে আমরা আছি তোমাদের সাথে।
