ভালুকায় ও গফরগাঁওয়ে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৪৭
ময়মনসিংহের ভালুকাভরাডোবা নারাঙ্গী পাড়া ও গফরগাঁও উপজেলার পাগলা থানায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। 
 
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা নারাঙ্গীপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে ছোট ভাইয়ের পেরেকের আঘাতে বড় ভাই খুন হয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভরাডোবা নারাঙ্গী পাড়ার হেলাল উদ্দিন ছেলে ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী বাহার উদ্দিন (২০) তার সহোদর ছোট ভাই ভরাডাবা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আজাহারকে (১৪) স্কুলে না যাওয়ার কারণ জানতে চেয়ে ছোট ভাইকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আজাহার বড় ভাই বাহার উদ্দিনকে হাতে থাকা পেরেক দিয়ে বুকে আঘাত করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাহারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ভালুকা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।
 
অপরদিকে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইযের হাতে খুন হয়েছেন শাহীন (২৫) নামের এক যুবক। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মশাখালি ইউনিয়নের বেলাবো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন বেলাবো গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকবুল হোসেনের ছেলে। 
 
পাগলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির সামনে পুকুরের জমি নিয়ে দুই ভাই ছৈরত ও মুকবুল হোসেনের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে এই বিরোধপূর্ণ পুকুর ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চাচা ছৈরত ও চাচাতো ভাই রাকিব গংদের রামদার কোপ এবং শাবলের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহীন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে। 
 
পাগলা থানার ওসি মুখলেছুর রহমান আকন্দ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে। 
 
ইত্তেফাক/কেকে