জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেছেন একই বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এই ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল মিরপুর-২ রুটের বাসে বিশ্ববিদ্যালয়ে আসার সময় প্রথম সারিতে বসা ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক কাজী সাইফুদ্দীন। এ সময় গাড়িতে ওঠে ঔদ্ধত্যপূর্ণ ভাষায় তাকে পেছনের সারিতে গিয়ে বসতে বলেন ফেরদৌসী খাতুন। এই ঘটনার প্রতিবাদ করেন পেছনের সারিতে থাকা মিল্টন বিশ্বাস। জুনিয়র শিক্ষক হিসেবে ড. ফেরদৌসীকেই পেছনে যেতে বলেন তিনি। এতে চড়াও হয়ে গাড়িতে অবস্থানরত শিক্ষকদের সামনেই মিল্টন বিশ্বাসকে গালি-গালাজ করেন ফেরদৌসী।
উক্ত ঘটনার অভিযোগ জানিয়ে উপাচার্য বরাবর অভিযোগ জানালে ঘটনা তদন্তে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি করে জবি প্রশাসন। অতিদ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত ঘটনা তদন্তে একটি কমিটি হয়েছে বলে শুনেছি। তবে আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি। আগামী রবিবার সবকিছু জানা যাবে।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনের সাথে যোগাযোগ করতে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
ইত্তেফাক/কেআই
