কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী হত্যা মামলায় একজনের ফাঁসি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:১৩

কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যা মামলার রায়ে নুর আলম (৩০) নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকার ফল ব্যবসায়ী রবিউল ইসলামকে দুর্বৃত্তরা হত্যার পর লাশ একটি ড্রামের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। 

তদন্তকারী পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে আসামি নূর আলম ও টিপু মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণে আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামি নূর আলমের ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন। এ মামলায় অপর আসামি টিপু মন্ডলকে বেকসুর খালাস দেওয়া হয়। 

আরও পড়ুন: কুড়িগ্রামে ধর্ষণের চেষ্টার ১৬ দিনেও মামলা নেয়নি পুলিশ

দণ্ডপ্রাপ্ত নূর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি গ্রামের আবুল হাছানের ছেলে। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর আলম সম্পর্কে খালাতো ভাই। কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে তারা ফলের ব্যবসা করতেন। 

ইত্তেফাক/অনি