স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা লতিফ সিদ্দিকীর

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৮:০১

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আবুদল লতিফ সিদ্দিকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টায় তার কালিহাতী উপজেলা শহরের মুন্সিপাড়া বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন।

এ সময় লতিফ সিদ্দিকীর বাসায় তার হাজার হাজার ভক্ত-সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

নির্বাচনে লড়ার ঘোষণা প্রদানকালে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করার জন্য চাপ প্রয়োগ করেন। এই ঐক্যফ্রন্টের নেতাদের দেশবাসী চেনেন। ঐক্যফ্রন্টের বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে কি করেছে তা সবরাই জানা। তাদের দ্বারা মানুষের আর কোন উপকার হবে না। আমি নির্বাচনে এসেছি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে, বঙ্গবন্ধু হত্যার বেনিফিসিয়ারিদের বিরুদ্ধে, অত্যাচারী-শোষকদের বিরুদ্ধে এবং স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে। আমি নির্বাচনে এসেছি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে, সংসদে জনগণের কথা বলতে এবং শেখ হাসিনাকে সাহায্য করতে।’

কালিহাতীতে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার পরেও কেন স্বতন্ত্র নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন, যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেই মনোনীত ব্যক্তির ওপর কালিহাতীর জনগণ ও নেতাকর্মীদের আস্থা নেই। তাই কালিহাতীর মানুষের ভালবাসা ও চাপেই আমি নির্বাচন এসেছি।

লতিফ সিদ্দিকী আরো বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি আওয়ামী লীগের বাইরের কেউ নই। কালিহাতীর আসনটি আওয়ামী লীগের। কালিহাতীর মানুষ আমার মূলশক্তি। জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেওয়ার জন্যই নির্বাচনে লড়বো। 

এরআগে শনিবার বিকালে লতিফ সিদ্দিকী ঢাকা থেকে কালিহাতীতে আসেন। এ সময় তার ভক্ত-সমর্থক, অনুসারীরা তাকে কাছে পেয়ে ছুটে যান। ইতোমধ্যে লতিফ সিদ্দিকীর কর্মীরা কালিহাতীর মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সংগ্রহ করেছেন। 

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাছান ইমাম খান সোহেল হাজারীকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে সোহেল হাজারীর নেতাকর্মীরা কালিহাতীতে মোটরসাইকেল র‌্যালি ও আনন্দ মিছিল বের করেন।

ইত্তেফাক/বিএএফ