রাজধানীর যাত্রাবাড়ি থানার ধলপুরে কিশোরের ছুরিকাঘাতে শিহাব (১৪) নামে আরেক কিশোর খুন হয়েছে। শিহাব হত্যার অভিযোগে পুলিশ হৃদয় নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। আম খাওয়া নিয়ে তর্কাতর্কির জেরে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত শিহাবের বাবা সাজু মিয়া বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া হৃদয় শিহাবকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ।
ওই পুলিশ কর্মকর্তা জানান, শিহাব ও হৃদয় মানিক মিয়া কোয়ার্টার এলাকায় বসবাস করে। তারা সমবয়সী। তারা এক সাথেই খেলাধূলা করে। গত বুধবার তাদের বন্ধু কয়েকটি আম নিয়ে আসে। আম নিয়ে কাড়াকাড়ি শুরু হলে শিহাব ও হৃদয়ের মাঝে তর্কাতর্কি হয়। ওইদিন হৃদয় শিহাবকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এরপর বৃহস্পতিবার বিকালে শিহাবসহ তার বন্ধুরা মানিকনগর কোয়ার্টারের মাঠে ক্রিকেট খেলতে গেলে হৃদয়, জুয়েলসহ ২০/২৫ জন তাদের ধাওয়া করে। এ সময় হৃদয় ধারালো ছুরি দিয়ে শিহাবের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শিহাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভোরে শিহাব মারা যায়। শিহাবের ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিহাবের মৃত্যু হয়েছে।
শিহাব ধলপুর বাদল সরকার গলিতে পরিবারের সঙ্গে থাকত। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তার বাবা সাজউদ্দিন মিয়া সাজু একজন অটোরিকশা চালক। শিহাবের বাবা সাজু মিয়া বলেন, শুধু হৃদয় নয় আরো যারা আমার ছেলে হত্যায় জড়িত তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
যাত্রবাড়ী থানার ওসি আজিজুর রহমান জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭-৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৮৬) করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে প্রধান ঘাতক হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/ইউবি
