একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিপাকে পড়ছে চাকরিপ্রার্থীরা। এ কারণে কোন পরীক্ষায় অংশ নেবেন তা নিয়ে দ্বিধাগ্রস্থ তারা। শুক্রবার প্রায় একই সময়ে ৬টি আলাদা সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা থাকায় চরম বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। অনেকের গচ্চা যায় হাজার হাজার টাকা।
শুক্রবার সোনালী ব্যাংক, জীবন বীমা করর্পোরেশন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগসহ অন্তত সাতটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রায় একই সময়ে। তাই ব্যাংক ড্রাফট করেও মাত্র একটিতে অংশ নিতে নিতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের মতে, চাকরির পদমর্যাদা ভেদে প্রতিটি আবেদনপত্রের সঙ্গে ন্যূনতম ৫০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা অনলাইনে ফি জমা দিতে হয়। তারপর আবার পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকায় যাতায়াতের খরচ। নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরা কষ্টে হলেও এই টাকা সংগ্রহ করে পরীক্ষায় অংশ নিতে চায়। তবে কখনো কখনো দীর্ঘ দুই-তিন মাসের মধ্যেও কোনো পরীক্ষার তারিখ পড়ে না। অথচ, হঠাৎ করেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই দিনে একই সময়ে কয়েকটি পরীক্ষা সম্পন্ন করার ঘোষণা দেয়।
আগামী ২৭ এপ্রিল একই সমস্যায় পড়তে যাচ্ছেন নিয়োগ প্রত্যাশীরা। সেদিনও তিতাস গ্যাস, সোনালী ব্যাংকসহ আরও কয়েকটি সরকারি নিয়োগ পরীক্ষার হবে। তাও আবার একই সময়ে।
ইত্তেফাক/ইউবি
