দ্রুত বড় লোক হতে ইয়াবা ব্যবসায় জড়ান রিপা

আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২০:২৯
রিপা আক্তার নামে এক তরুণী দ্রুত বড়লোক হবার আশায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতো। 
 
কখনো পানির ফিল্টারে, হরলিক্সের কৌটায়, গুড়ো দুধের প্যাকেটে, সাবানের প্যাকেটে, ভেজা টিস্যুর বক্সে, চকলেটের বোতলে ইয়াবা নিয়ে আসতেন রিপা। এরপর তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। 
 
র‌্যাব-২ এর এএসপি শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর-১০, বাউন্ডারি রোড, ব্লক-খ, সেক্টর-৬ ঠিকানায় একটি কুরিয়ার সার্ভিসের দোকান থেকে পার্সেল সংগ্রহ করতে যান রিপা। পার্সেলটি সংগ্রহ করার পর রিপা র‌্যাবের ফাঁদের পড়ে যান। কুরিয়ার সার্ভিসের কর্মচারীদের সামনে পার্সেলটি খুলে সেখান থেকে ১০ হাজার ইয়াবা র‌্যাব উদ্ধার করে। গ্রেফতার করা হয় রিপাকে। তার বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। স্বামী জাকারিয়াকে নিয়ে রিপা রাজধানীর দারুস সালাম থানার হরিরামপুর মাদ্রাসার পাশে থাকতেন। 
 
ইত্তেফাক/ইউবি