স্পোর্টস রিপোর্টার
বড় কোনো বিতর্ক ছাড়াই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। ইনজুরি কাটিয়ে উঠা তাসকিন আহমেদের সুযোগ না পাওয়া নিয়ে কারো কারো অনুযোগ রয়েছে। আর ইমরুল কায়েসের বাদ পড়া। বাঁহাতি এই ওপেনারকে দুর্ভাগাই বলছেন সবাই। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে প্রায় সাড়ে তিনশ রান করেও ওয়ানডে দল থেকে ছিটকে পড়েন তিনি। বিশ্বকাপেও সুযোগ পেলেন না।
তারা দুইজনকে ছাড়া আর কাউকে নিয়ে আলোচনা নেই বিশ্বকাপে দলের বিবেচনায়। বলা হচ্ছে, এটাই বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের সেরা দলের তকমা পাচ্ছে। ছোটখাটো এসব আলোচনা এড়িয়ে সবাইকে দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, সবার উচিত এখন দলটাকে সমর্থন করা। বিশ্বকাপের আগে দলের সবাইকে সাহস যোগানো।
বাঁহাতি এই ওপেনার গতকাল বলেছেন, ‘আমার মনে হয় এখন কে থাকা উচিত ছিল বা কে থাকলে ভালো হত, এই আলোচনা না করে যেই ১৫ জনকে নির্বাচন করা হয়েছে তাদের পুরোপুরি সমর্থন করা। দিন শেষে এটা বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অমুকের জায়গায় অমুক থাকলে ভালো হত, এমন কিছু করলে হবে কি, যারা সুযোগ পেয়েছে তারা মন ছোট করবে। আমরা চার বছর অপেক্ষা করেছি বিশ্বকাপের জন্য। এখন মন ছোট না করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা উচিত।’
বাংলাদেশ দলে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া সাত ক্রিকেটার রয়েছেন। তামিমের চোখে, নিজেদেরকে মেলে ধরার জন্য এসব তরুণের সামনে বিশ্বকাপই সবচেয়ে বড় মঞ্চ। গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপ এমন একটা মঞ্চ, সবাই জানি যে ক্রিকেট বিশ্বে এটা সবচেয়ে বড় মঞ্চ। এই একটা টুর্নামেন্ট যেখানে তারকারা জন্ম নেয়। বিশ্বকাপে ভালো করলে আপনি এক রাতেই হয়তো সুপার স্টার বনে যাবেন। এটা সব তরুণ ক্রিকেটারের জন্যই বড় সুযোগ, তারা কতোটা ভালো সেটা দেখানোর জন্য।’
দল ঘোষণার সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশকে সেরা চারে দেখতে চান। তামিম অবশ্য তেমন লক্ষ্য স্থির করেননি। জয়ের বিশ্বাস নিয়ে যাওয়ার উপরই গুরুত্ব দিচ্ছেন তিনি।
বিশ্বকাপে কতদূর যেতে পারবে বাংলাদেশ? প্রশ্নের জবাবে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার গতকাল বলেছেন, ‘কতদূর যাওয়া সম্ভব এটা আমি বলতে পছন্দ করি না। কারণ ১০টা দল বিশ্বকাপ খেলছে। কোনো দল অংশগ্রহণ করার জন্য খেলছে না। সবাই যাচ্ছে জেতার জন্য। আমরাও যাচ্ছি জেতার জন্য। আমার কথা হল, আমরা পারি বা না পারি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা জিততে পারি। এই বিশ্বাসটা নিয়েই আমাদের যেতে হবে।’
বিশ্বকাপে ইংল্যান্ড, ভারতকেই ফেবারিটের স্থান দিয়েছেন তামিম। অভিজ্ঞ এই ওপেনারের মতে, ‘অবশ্যই ভারত ফেবারিট। ইংল্যান্ডও ফেবারিট। এখানে অনেক টিমই আছে তাদের আপনি সহজে নিতে পারবেন না। অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে। আরও অনেক দল আছে। এটা নির্ভর করে ওই টুর্নামেন্টে কে ফর্মে আছে, দল হিসেবে। দেখি কি হয়, ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। এটা অনিশ্চয়তার খেলা।’
