জায়গা হলো না আর্চারের
স্পোর্টস রিপোর্টার
বারবাডোজে জন্মানো জোফরা আর্চার বিশ্বকাপ খেলার স্বপ্ন জোরেসোরেই দেখতে শুরু করেছিলেন। বিশেষ করে তাকে বিশ্বকাপের আগে আগে অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে ডাকায় এই বিশ্বাসটা পোক্ত হয়েছিল। কিন্তু গতকাল ঘোষিত ইংল্যান্ডের ‘প্রাথমিক’ বিশ্বকাপ দলে জায়গা হলো না আর্চারের। তবে ইংল্যান্ডের প্রধান নির্বাচক এড স্মিথ বলেছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো কিছু করলে তার ‘মূল’ দলে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে।
এবার বিশ্বকাপে ২৩ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণার শেষ তারিখ। অন্যদিকে ২২ মে পর্যন্ত কোনোরকম কারণ না দেখিয়েই বদল আনা যাবে দলে। আর এই সুযোগটা বাংলাদেশের মতোই নিতে চাচ্ছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজে কেউ ভালো করলে তাকে মূল দলে ঢুকিয়ে ফেলার সুযোগ রাখতে চাচ্ছে তারা। এ জন্য গতকাল ঘোষিত দলটাকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বলছে, প্রাথমিক দল।
এই প্রাথমিক দলে জোফরা আর্চারের জায়গা না হওয়াটাই সবচেয়ে আলোচিত ব্যাপার। মার্চের ১৭ তারিখ আর্চার ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার শর্ত পূরণ করেছেন। ইংলিশ নাগরিক বাবার এই সন্তানকে রাখা হয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৭ সদস্যের দলে। সেই দলে আছেন ২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলা ক্রিস জর্ডানও।
এই প্রাথমিক দল ঘোষণা সম্পর্কে বলতে গিয়ে ইসিবির প্রধান নির্বাচক এড স্মিথ বলেছে, ‘আইসিসির নিয়ম অনুযায়ী আইসিসির ক্রিকেট বিশ্বকাপের জন্য আমাদের ২৩ এপ্রিলের মধ্যে একটা ১৫ সদস্যের দল ঘোষণা করতে হতো। তবে পাকিস্তানের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে সিরিজের ১৭ সদস্যের প্রত্যেকেই চূড়ান্ত ১৫ সদস্যের দলে জায়গা করে নেওয়ার সমান দাবিদার থাকবে। আমরা ওই সিরিজ শেষেই বিশ্বকাপ দল চূড়ান্ত করব।’
জোফরা আর্চার যে তাদের খুব ভালোমতো আগ্রহে আছেন, সেটা স্বীকার করে স্মিথ বলেছেন, ‘নির্বাচক কমিটি জোফরা আর্চারের ঘরোয়া টুর্নামেন্ট ও ফ্রাঞ্চাইজি লিগগুলোতে পারফরম্যান্স দেখে মুগ্ধ। সে খুবই প্রতিভাবান এবং খুব রোমাঞ্চকর একজন ক্রিকেটার।’
ইংল্যান্ডের এই দলের ব্যাটিং ইউনিটে তেমন কোনো চমক নেই। গত চার বছর ধরে তারা যে ব্যাটিংয়ের ওপর ভরসা করেছে, বিশ্বকাপে তাদেরকেই রেখেছে দলে। পেস আক্রমণের দায়িত্বে থাকছেন ক্রিস ওকস, মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, ডেভিড উইলি ও টম কুরান। তবে দলে বিস্ময় জাগানিয়া নাম হলো জো ডেনলি। এই স্পিনার মঈন আলী ও আদিল রশীদ দলে থাকা সত্ত্বেও তৃতীয় স্পিনার হিসেবে ডাক পেয়েছেন।
ইংল্যান্ডর প্রাথমিক
দল
জনি বেয়ারস্টো, জ্যাসন রয়, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশীদ, মার্ক উড, অ্যালেক্স হেলস, টম কুরান, জো ডেনলি, ডেভিড উইলি।
