স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়শীল দেশে উত্তরণ উপলক্ষে এথেন্স চেম্বার অব ট্রেডসসম্যান ভবনে বিশেষ ব্যবসায়ী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং এথেন্স চেম্বার অব ট্রেডসম্যান এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এথেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত এথেন্স চেম্বারের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল ‘বাংলাদেশ-এ ড্রিম ডেসটিনেশন: এক্সপ্লোরিং ট্রেড এন্ড ইনভেস্টম্যান অপরচুনিটিস ফর গ্রীক বিজনেসেস’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন এথেন্স চেম্বার অব ট্রেডসম্যানের প্রেসিডেন্ট ইয়ানিস হাজিথেওডেসিও। সেমিনারে এথেন্স চেম্বার অব ট্রেডসম্যানের নেতৃবৃন্দসহ গ্রিক ব্যবসায়ীরা, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
IMG0
বাংলাদেশের রাষ্ট্রদূত তার বক্তব্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার প্রেক্ষাপট এবং বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। এই অগ্রযাত্রা আন্তর্জাতিকভাবে আজ স্বীকৃত। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে পরিণত হচ্ছে। তিনি গ্রিক ব্যবসায়ীদের বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির কাজে এগিয়ে আসার আহবান জানান।
IMG1
এথেন্স চেম্বার অব ট্রেডসম্যানের সভাপতি জনাব ইয়ানিস তার বক্তব্যে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্বাগত জানান। তিনি বলেন, এই সেমিনারের মাধ্যমে গ্রিসের ব্যবসায়ীরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে জানতে পারলো। এই সেমিনার গ্রিক ব্যবসায়ীদের বাংলাদেশের সাথে ব্যবসা সম্প্রসারণ করতে উৎসাহিত করবে।
