উইন্ডিজ দলের সঙ্গে সারওয়ান

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:৪৫

সাবেক ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের তারকা রামনরেশ সারওয়ান এবার উপদেষ্টা হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার জন্য সম্মত হয়েছেন। তাকে নবগঠিত বোর্ড জাতীয় দলের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের সময় দলের সঙ্গে কাজ করবেন। তবে এটা নিশ্চিত নয় যে, সারওয়ান বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যাবেন কি না। ৩৮ বছর বয়সী সারওয়ান ৮৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই সাবেক ব্যাটসম্যান কাজ করবেন ক্যারিবীয় ব্যাটসম্যানদের নিয়ে। কাকতালীয়ভাবে বর্তমান জাতীয় দলের দুই ভরসা ড্যারেন ব্র্যাভো ও শাই হোপকে নিয়ে এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে সারওয়ানের। তার এই ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন উইন্ডিজের ভারপ্রাপ্ত কোচ ফ্লয়েড রেইফার।