আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কমনওয়েলথ সম্মেলনে বিশ্বের ১০০ প্রভাবশালী নেতার কাতারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করা হয়েছে। এ সম্মান ও মর্যাদা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যোগ্য নেতৃত্বে অত্যন্ত সাহসিকতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলা করে বিশ্বে নন্দিত নেত্রীর মর্যাদায় আসীন হয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মাদার অব হিউম্যানিটি মর্যাদায় ভূষিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা মোকাবিলার জন্য কমনওয়েলথ সম্মেলনেও তাকে বিশ্ব নেতৃবৃন্দ মর্যাদা দিয়েছেন।
প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠে শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কাজের শতকরা কতভাগ শেষ হয়েছে জানতে চাইলে প্রায় ৪৫ ভাগ শেষ করা হয়েছে বলে নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম মন্ত্রীকে অবহিত করেন। জবাবে মন্ত্রী চলতি বছরের সেপ্টেম্বর মাসে কলেজের একাডেমিক ভবন ও ছাত্র- ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, মেডিক্যাল কলেজ নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
