ইউনাইটেডের ভুলে মেসির বাজিমাত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:৪৬

  স্পোর্টস রিপোর্টার

নিজেদের ভুলের মাশুল গুনলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ভুলের সুযোগে জোড়া গোল করলেন লিওনেল মেসি। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে বড় প্রভাবক হয়ে রইল এই দুটো গোল। এর সাথে ফিলিপে কোটিনহোর আরেকটি লক্ষ্যভেদের সুবাদে মঙ্গলবার রাতে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। আগের লেগেও তারা জিতেছিল ১-০ ব্যবধানে। ফলে, ৪-০ ব্যবধানের জয় নিয়ে কাতালানরা পেয়ে গেল শেষ চারের টিকিট।

অ্যাশলে ইয়ংয়ের ভুলে এবং পরবর্তীতে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ব্যর্থতায় ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে মেসি দুটি গোল উপহার পেয়েছেন। যদিও গোলগুলোর পেছনে মেসির অবদানও ছিল। মেসি বলেই হয়তো ভুলগুলোর সুযোগ শতভাগ কাজে লেগেছে। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার বলেন, ‘আমরা সবাই আজ একটি বিষয়ে একমত হয়েছি কোনোকিছুই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না। বার্সেলোনা কিংবা এই মানের কোনো দলের সমকক্ষ হতে হলে আগামী কয়েক বছর আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।’

৬১ মিনিটে ফিলিপ কোটিনহো বার্সেলোনাকে ৩-০ গোলে এগিয়ে দেন। মেসির পাশাপাশি সম্ভবত মৌসুমের সেরা পারফরম্যান্স দিয়ে কোটিনহো নিজেকে পুরো ম্যাচেই প্রমাণ করেছেন। তাদের দৃঢ়তায় ইউনাইটেড আরো বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা পেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত তিন গোলের স্বস্তিদায়ক পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা।

এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১১০-এ। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলসংখ্যা ১২৬। মেসি অবশ্য চলতি লিগেই গোলের ব্যবধানটা আরো কমিয়ে নিতে পারবেন। কারণ, মঙ্গলবার রাতেই আয়াক্স অ্যামস্টারডামের বিপক্ষে হার নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাস। মেসি অবশ্য হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন। কিন্তু, শেষ অবধি লুইস সুয়ারেজের দারুণ অ্যাসিস্টের পরও তিনি ব্যর্থ হন।

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে মাঠের পাশে দেখা গেছে ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে। শিষ্যদের কিছুটা হলেও উজ্জীবিত করতেই তাঁর আগমন। রায়ান গিগস ও সুলশারের সাথে করমর্দন করেছেন, কে জানে এই আলাপেই হয়তো প্রয়োজনীয় কিছু টোটকাও তিনি দিয়েছেন দলকে।

সেই টনিকের গুণেই কি না ম্যাচ শুরুর প্রথম কিছুটা সময় ইউনাইটেড ছিল দুর্দান্ত। ঐ সময়টা মূলত বার্সাকে খুঁজেই পাওয়া যায়নি। এমনকি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পল পগবার পাস থেকে রাশফোর্ড প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। কিন্তু ক্রসবার ইউনাইটেডের ভাগ্যে বাঁধা হয়ে দাঁড়ায়। এরপর থেকে শুরু হয় বার্সেলোনার সময়, আর ছিটকে যায় ইউনাইটেড!

বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভার্দে ম্যাচ শেষে বলেন, ‘প্রথম পাঁচ আমরা কিছুটা অস্বস্তিতে ছিলাম। কারণ তারা দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু বাকি ৮৫ মিনিট আমরা ভালোই খেলেছি।’

ট্রেবল জয়ের সব পথই এখন খোলা আছে বার্সেলোনার সামনে। তবে, বার্সেলোনা আপাতত স্প্যানিশ দুই শিরোপা মানে লা লিগা ও কোপা দেল রে’র দিকে নজর রাখছে।

দলের ফরাসি খেলোয়াড় ক্লেমেন্ট ল্যাঙলেট বলেন, ‘আমাদের লা লিগায় এখনো কয়েকটা খেলা বাকি। আমাদের কোপা দেল-রের ফাইনালও আছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। সব মিলিয়ে মৌসুমে এখনো আমাদের হাতে ১০টার মতো ম্যাচ বাকি। এই ম্যাচগুলোর জন্য যত বেশি সম্ভব, ততগুলো ম্যাচ আমরা জিততে চাই। ট্রেবল জয়ের আগে আমাদের নিজেদের ঘরোয়া ডাবলটা নিশ্চিত করতে হবে।’