'দক্ষ মানবসম্পদই পারে একটি দেশকে উন্নয়ন করতে'

আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৫:০০
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেছেন, গতবছর ১ কোটি ১৬ লাখ লোক বিদেশে পাঠিয়েছি। তারা বিদেশে গিয়ে এতো ভাল করছে যে সে দেশে মন্ত্রীরা বাঙ্গালিদের সুনাম করছে। দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদই পারে একটি দেশকে উন্নত ও সমৃদ্ধের দিকে নিয়ে যেতে।
 
তিনি বলেন, 'বর্তমান সরকার ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবে। সে লক্ষ্য সরকার দেশের প্রতিটি জেলা-উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কাজ করছে।'
 
আজ রবিবার দুপুরে মৌলভীবাজার শহরতলীর মাতারকাপন এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, 'জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তাদের প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অভিবাসন নিরাপত্তা ও অধিকার রক্ষা বিদেশে যাওয়ার জন্য সহজে অর্থ সংস্থান, বৈধ-পথে রেমিট্যান্স প্রেরণের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে সাহায্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের এমপি সৈয়দ সায়রা মহসিন। উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন  জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রকল্প পরিচালক মো.শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কারিগরি প্রশিক্ষণ ব্যুরোর মহা-পরিচালক মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আনোয়ারুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মাদ নাহিদ নিয়াজ প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস