প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদই একটি দেশকে উন্নত ও সমৃদ্ধ দিকে নিয়ে যেতে পারে।
আজ রবিবার মৌলভীবাজারে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবে। সে লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে কাজ করছে। জনসংখ্যা অধ্যূষিত বাংলাদেশের প্রশিক্ষিত জনশক্তি গড়ে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, বর্তমান সরকার অভিবাসন ব্যবস্থাকে স্বচ্ছ ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অভিবাসীদের নিরাপত্তা ও অধিকার রক্ষা বিদেশে যাওয়ার জন্য সহজে অর্থ সংস্থান, বৈধপথে রেমিট্যান্স প্রেরণের সুযোগ-সুবিধা ইত্যাদি বিষয়ে সাহায্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশে তাদের আয় বৃদ্ধি ও উন্নত কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
