ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২৯তম বার্ষিক সম্মেলন ২০১৮ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ মিলানায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিট, বিভাগ, অনুষদ ইনস্টিটিউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দ আসবে। এর আগে ২০১৫ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি ও মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠিত হয়।
প্রস্তুতি সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ বিদায়ী মুহূর্ত সন্নিকটে আসায় আবেগাপ্লুত হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, সাধারণ সম্পাদক তাদের সকল কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ভাই হয়ে সব সময় ছিলাম। আমরা যখন নেতা থাকব না তখনও ভাই হয়ে থাকার চেষ্টা করব।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ক্যান্টিনের খাবার মান উন্নয়ন, মাদক নির্মূলসহ নানাবিধ কাজ হাতে নিয়েছিলাম। যেকোনো সময়ের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চলতি কমিটি বেশি সফল বলে তিনি দাবি করেন। নতুন যারা নেতৃবৃন্দ আসবে তিনি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সফলতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
ইত্তেফাক/নূহু
