কামারপাড়ায় দুই বাসের সংঘর্ষ, পা ভেঙেছে চালকের

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৫:১০
রাজধানীর উত্তরায় কামারপাড়া এলাকায় নবীনগর হতে জনসেবা পরিবহন আব্দুল্লাহপুর যাওয়ার পথে এবং বিপরীত দিক থেকে ঢাকা হতে নবীনগর যাওয়ার পথে আশুলিয়া ক্লাসিক পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক চালকের পা ভেঙেছে। আহত হন প্রায় ১০-১৫ জন যাত্রী। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। 
 
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের মধ্যে এক চালক মো. হাসান (২৫) আলীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করি। তার কোনো স্বজন না থাকায় আমি পঙ্গু হাসপাতালে অভিভাবক হয়ে তাকে ভর্তি করাই। তার একটি পা ভেঙে গেছে এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।
 
আহত চালক মো. হাসান আলী টাঙ্গাইল জেলার ধনবাড়ীর পাক্কে গ্রামের মো. সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
 
তুরাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে