১৫ জেএমবি সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৮:৪৯
খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার ঘটনায় জেএমবির ১৫ সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্য এ রায় দেন।
 
আদালত মো. আরিফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. করিম আলী, মো. ইসমাইল হোসেন জমাদ্দার, মো. মঞ্জু মিয়া, রুহুল আমিন সুফীকে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩ ধারায় দোষী করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং একই আইনের ৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ড দেন।
 
মামলার অপর আসামি এরশাদ ওরফে সাকিব খান, মো. বেলাল মিয়া, মো. হাফেজ মো. হাসান আল মাহমুদ, মো. আসাদুজ্জামান, মো. এমদাদুল হক, মো. ফারুক হোসেন, মো. এনায়েত উল্লাহ, আবুজরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের কারাদণ্ড দেয়া হয়। আদালত মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন।
 
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো খাগড়াছড়ি আদালত প্রাঙ্গণসহ ৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে জেএমবির আঞ্চলিক কমান্ডার আরিফুল ইসলাম ওরফে নাসিরকে আটক করা হলে বেরিয়ে আসে সারা দেশে সিরিজ বোমা হামলার চাঞ্চল্যকর তথ্য।
 
একে একে ধরা পড়ে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমার ওরফে বাংলা ভাইসহ জেএমবির শীর্ষ নেতারা। ইতিমধ্যে সিরিজ বোমা হামলার মামলার ১৮ আসামির মধ্যে অন্যতম দুই আসামি শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ফাঁসির আদেশ কার্যকর করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি