শিক্ষা আর জীবন আলাদা হতে পারে না :ড. আতিউর

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:৫২

'শিক্ষা আর জীবন আলাদা হতে পারে না। শিক্ষাকে তাই জীবনের খাদ্য হতে হবে। শিক্ষাকে একই সঙ্গে প্রাণস্পর্শী এবং বৃহত্তম মানব সমাজ থেকে তার পাঠ্যক্রম গ্রহণ করতে হবে।' সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান এসব কথা বলেন।

‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত এই ছাত্র-শিক্ষক সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য এই আয়োজনের প্রশংসা করেন এবং ক্যারিয়ার ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাছাড়া তিনি পড়াশোনাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে অন্যান্য সহপাঠ্য কার্যক্রম চালিয়ে যেতে ছাত্র-ছাত্রীদের উপদেশ দেন।
IMG0
অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ড. মো: মোজাম্মেল হক। মূল বক্তৃতায় ড. আতিউর রহমান বলেন যে, বাংলাদেশকে দুই ডিজিটের প্রবৃদ্ধি অর্জন করে পরবর্তী ধাপে উন্নীত হতে হলে উদ্ভাবনের কোন বিকল্প নেই। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকার- সর্বত্র এই উদ্ভাবন নিশ্চিত করতে হবে। সেজন্য সকল ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজন। শিক্ষাকে এই উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

পরিবর্তনশীল এই সময়ে দক্ষ জনশক্তি ও সাহসী নেতৃত্ব তৈরি করবে যুগোপযোগী এই শিক্ষা। ব্যবসা-বাণিজ্য, শিল্প, সার্ভিস - এর উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি নির্ভর এ শিক্ষার প্রসারে সরকারকে উপযুক্ত বিনিয়োগ ও নীতি সমর্থন দিতে হবে।
বাংলাদেশকে নানামাত্রিক প্রবৃদ্ধির ইঞ্জিন খুঁজে নিতে হবে। কয়েকটি খাতকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে প্রবৃদ্ধির ইঞ্জিনকে সচল রাখতে হবে। সেজন্য উচ্চশিক্ষাকে আরোও লক্ষ্যভেদী ও স্মার্ট হতে হবে। তাই গবেষণাধর্মী ও উদ্ভাবনমূলক শিক্ষাখাতে বাড়তি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। খাতভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে এই বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করতে হবে। সব শেষে ছাত্র ছাত্রীদের চাকুরী নেবার চেয়ে দেবার মত উদ্যোক্তা হবার আহবান জানান ড. রহমান।

ইত্তেফাক/নূহু