ভোজ্যতেলের আমদানি কমাতে তৈলবীজ আবাদ বাড়াতে হবে —কৃষিমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২৫

ইত্তেফাক রিপোর্ট

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি তৈলবীজ আবাদের এলাকা বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রতি বছর ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকার খাবার তেল আমদানি করতে হয়। ফলে বিপুল অংকের টাকা এ খাতে ব্যয় হচ্ছে।

গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের জাতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামী ৫ বা ১০ বছরে ভোজ্যতেল আমদানি কি পরিমাণ কমাতে চাই এবং এর জন্য কি পরিমাণ এলাকা আবাদের আওতায় আনতে হবে তা একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নির্ধারণ করতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, নতুন নতুন উন্নতজাত উদ্ভাবনের মাধ্যমে কৃষককে চাষে আকৃষ্ট করতে হবে। কৃষিতে লাভজনক পর্যায়ে নিয়ে গিয়ে একে সম্মানজনক পেশায় পরিণত করতে হবে। তাহলে দেশের শিক্ষিত তরুণরা এ পেশায় এগিয়ে আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স।