বেরোবিতে প্রাক-বাজেট সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২২:৪৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘উন্নয়নশীল বাংলাদেশের বাজেট ২০১৮-২০১৯: রংপুর বিভাগের প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় বিভাগটির গ্যালারি রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোরশেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। প্রধান আলোচকের বক্তব্যে মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে রংপুরের মানুষ অনেক পিছিয়ে। তাই, সামনের ২০১৮-১৯ইং অর্থ বছরের বাজেটে রংপুরের দিকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান তিনি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সীমার সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিজনেস অনুষদের ডিন ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন পরিমল চন্দ্র বর্মণ ও শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, অর্থনীতি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘রংপুর অঞ্চলের জন্য বাজেট বাড়াতে হবে। তা নাহলে এ অঞ্চলের অবস্থার পরিবর্তন ঘটবে না। রংপুর অঞ্চলের জন্য বিশেষ বাজেট প্রণয়ন কারার কথাও বলেন বক্তারা’।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন, প্রিনন আহমেদ, দত্তেশ্বর রায়, জাহাঙ্গীর আলম ও কামরুজ্জামান।

প্রবন্ধে রংপুর বিভাগের দারিদ্রের হার, উন্নয়ন ও অনুন্নোয়ন ব্যয়, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সুবিধা, শিল্পের বিকাশ, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ জনগনের বিভিন্ন চাহিদা, সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরা হয়।

ইত্তেফাক/নূহু