কোচিং না করায় ধামরাইয়ের ভোলানাথ স্কুল এন্ড কলেজের ৩২ জন শিক্ষার্থীকে একযোগে টিসি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০২:১২

বাধ্যতামূলক কোচিং না করায় ধামরাই উপজেলার বারবাড়ীয়া ভোলানাথ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ৩২ জন শিক্ষার্থীকে একযোগে টিসি দেয়া হয়।

জানা যায়, ওই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোচিং বাধ্যতামূলক করা হয়। প্রতি মাসে কোচিং ফি ধার্য করা হয়েছে ৬০০ (ছয়শত) টাকা। শিক্ষার্থীদের দাবি এ কোচিং অবৈধ এবং প্রতি মাসে ৬০০ টাকা দিয়ে কোচিং করা তাদের পক্ষে অসম্ভব।

এ কারণে নবম শ্রেণির শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার কোচিং এ অংশগ্রহণ করেনি বিধায় ওই শ্রেণির ৩২ শিক্ষার্থীকে একযোগে টিসি দেয়া হয়। টিসি দেয়ার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।

সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন টিসি দেয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, বেলীশ্বর স্কুলের প্রধান শিক্ষক ভর্তির আশ্বাস দেয়ায় আমাদের শিক্ষার্থীরা টিসি চেয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে টিসি দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য টিসি দেয়া হয়েছে। ওই বিদ্যালয়ে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রতি শিক্ষার্থীর জন্য ৬০০ টাকা কোচিং ফি ধার্য করে দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা ৬০০ টাকা ফি দিয়ে কোচিং করতে রাজি নয়।

ইত্তেফাক/নূহু