মহালছড়িতে মৈত্রী পানি বর্ষণ খেলা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২৮

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা কাপ্তাইপাড়া গ্রামে চৈত্রসংক্রান্তি উত্সব মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী মৈত্রী পানিবর্ষণ খেলা ও খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মৈত্রী পানিবর্ষণ খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী। পানিবর্ষণ খেলা শেষে উচিং মারমার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক ক্যাজাই মারমা। আলোচনায় বক্তারা বলেন, ধর্মীয় উত্সবগুলো সম্প্রদায়গতভাবে আলাদা আলাদা হলেও বাংলা নববর্ষের উত্সবটি সবার জন্য সকল সম্প্রদায়ের একটি উত্সব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উত্সবটি আনন্দ বিনোদনের মধ্য দিয়ে পালন করে থাকে। এ উত্সবকে ঘিরে সকল সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্যের বন্ধন সৃষ্টি করতে পারে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়     —ইত্তেফাক