নূরুল মোহাইমীন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার-হকতিয়ারকলা সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন না হওয়ায় রাস্তা দিয়ে চলাচলে শিক্ষার্থী ও গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনটি গ্রাম ও দুইটি চা বাগানে যাতায়াতের সড়কটির একাংশ দীর্ঘদিন ধরে পাকাকরণ না হওয়ায় বর্ষায় কাদা-পানি মাড়িয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।
সরেজমিন ঘুরে ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনস্থ আদমপুর ইউনিয়নের নইনারপার বাজার থেকে হকতিয়ারকলা সড়কের এক কি.মি. রাস্তা পাকাকরণ হলেও অবশিষ্ট রাস্তা পাকাকরণ না হওয়ায় বর্ষা মৌসুমে কাঁদা জমে যানবাহন ও জনসাধারণের চলাচলে দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ইউনিয়নের কাটাবিল, হকতিয়ারকলা ও কেওয়ালিঘাট গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গোবিন্দপুর ও মদনমোহনপুর চা বাগানে যাতায়াতের রাস্তা এটি। মণিপুরী অধ্যুষিত এলাকায় স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী, চাকরিজীবী ও গ্রামের জনসাধারণ এই রাস্তা ব্যবহার করে হাটবাজার, কর্মস্থল ও অফিস-আদালতে গমন করেন। তবে রাস্তার অবশিষ্টাংশ পাকাকরণ না হওয়ায় সাইকেল, রিকশা নিয়েও চলাচল করা কষ্টসাধ্য।
শিক্ষার্থী জাহানারা বেগম, সনজনা বেগম, হকতিয়ারকলা গ্রামের রেজা উদ্দিন, উত্তর বাগের আতাউর রহমান, কাওয়াল উদ্দিন, রজব উদ্দীনসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, কয়েক বছর আগে এই রাস্তার এক কি.মি কাজ করা হলেও অবশিষ্ট অংশে পাকাকরণ হচ্ছে না। গ্রামবাসী বিভিন্ন সময়ে রাস্তা পাকাকরণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না। ফলে কাঁদা রাস্তা দিয়ে চলাচলে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। স্থানীয় বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ললিত মোহন সিংহ বলেন, রাস্তার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি পাকাকরণ হলে জনসাধারণের চলাচলে দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, এই রাস্তার এক কি.মি. পাকাকরণ আছে। অবশিষ্ট এক কি.মি. ইতোমধ্যে টেন্ডার হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।
