কুলাউড়ায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২৯

এক ব্যক্তি আটক

 মৌলভীবাজার  প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার আশুরিঘাট এলাকায় ১৮ বছরের এক গৃহকর্মী কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।

জানা যায়, ওই কিশোরী সিলেটের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করে। গত শনিবার সিলেট থেকে ওই কিশোরী কুলাউড়ায় আসে। সোমবার সন্ধ্যা ৭টায় সে নিজের বাসা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় কিশোরীর পূর্ব পরিচিত শুক্কুর আলী (৩৭) নামে এক ব্যক্তি তাকে পৌর শহরের প্রধান সড়ক থেকে সিএনজি অটোরিকশায় জোরপূর্বক তুলে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের আশুরিঘাট এলাকায় নিয়ে যায়। পরে সেখানে থাকা আরো ৬ জনসহ শুক্কুর আলী কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। ধর্ষকেরা শুক্কুুর আলীর কাছ থেকে টাকা দিয়ে কিশোরীটিকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসায় পৌঁছে দিতে বলে।

এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ধর্ষিতার মা কুলাউড়া থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে প্রোগ্রাম অফিসারকে বিষয়টি জানান।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে প্রোগ্রাম অফিসার আমানউল্লা বলেন, ‘ধর্ষণের আলামত পেয়েছি। পরীক্ষা ও চিকিত্সার জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।’

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ধর্ষণের ঘটনায় জয়চন্ডীর গৌরীশংকরপুরের বাসিন্দা হাসানকে (২৪)  আটক করা হয়েছে। জড়িত বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে। মামলার প্রস্তুতি চলছে।