চন্দনাইশে স্থগিত দুই কেন্দ্রের নির্বাচন আবারো পিছাল!

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২৯

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশে স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ আবারো পিছালো। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম নাজিম উদ্দিন উচ্চ আদালতে এবিষয়ে একটি রিট দায়ের করেন। গত মঙ্গলবার রিট পিটিশন শুনানি শেষে আবারো ১৫ দিনের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

গত ২৪ মার্চ পঞ্চম চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও পুলিশের উপর হামলার ঘটনায় উপজেলার ৬৮টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ দুইটি কেন্দ্র হলো পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ১৭ এপ্রিল স্থগিত করা দুই কেন্দ্রের ভোট গ্রহণ করার সিদ্ধান্ত হয়। স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও আবারো প্রায় ১৫ দিনের জন্য পিছালো।