কক্সবাজারের সাত উপজেলায় নির্বাচিতদের শপথ ২৫ এপ্রিল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৩০

কক্সবাজার প্রতিনিধি

সদ্য সমাপ্ত কক্সবাজারের ৭টি উপজেলা পরিষদে নির্বাচিত ২০ প্রার্থীর শপথ অনুষ্ঠান ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শপথ সংক্রান্ত এ চিঠি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিতব্য শপথে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া ও মহেশখালীর নব-নির্বাচিতরা অংশ নিবেন। বুধবার নির্বাচিত প্রার্থীদের কাছে চিঠি ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয় সূত্র। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলেন কক্ষে বেলা ১১টায় নির্বাচিতদের শপথবাক্য পাঠ করাবেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ইতোমধ্যে ৭ উপজেলায় ২০ জন নির্বাচিত জনপ্রতিনিধির নামে গেজেট প্রকাশ করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিষদের ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের দিন স্থগিত হওয়া ভোট কেন্দ্রের পুনর্নির্বাচন ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। সেখানে জয়ী হওয়া নারী ভাইস চেয়ারম্যানের নামে পরে গেজেট প্রকাশ হবে।