২৫ বছরে পদার্পণ করল প্রাইম ব্যাংক

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেড দুই যুগ পার করে ২৫ বছরে পদার্পণ করল। ২০১৮ সাল ব্যাংকিং খাতের জন্য অস্থির একটি বছর হলেও সামগ্রিকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংকটি। গত কয়েক বছরে এ ব্যাংকে অনেক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে আরো পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। গতকাল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে প্রাইম ব্যাংকের ২৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাহেল আহমেদ বলেন,  ২০১৫ এবং ১৬ সালে যে সমস্ত উদ্যোগ নিয়েছিলাম তার ফলাফল আমরা এখন পাচ্ছি। এখন যে সমস্ত কাজ  আমরা শুরু করেছি- আশা করি শিগগিরই তার ফলাফল পাওয়া যাবে। ২০১৮ সালের লভ্যাংশের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ বছর আমরা সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছি। এরূপ ধারাবাহিকতা আগামী বছরেও বজায় রাখতে চাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহেল আহমেদ বলেন, বর্তমানে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ। তবে এই চ্যালেঞ্জ অতিক্রম করা কঠিন কোনো বিষয় নয়। এজন্য অর্থঋণ আদালতের কাঠামো আরো বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি আইন প্রয়োগে কঠোর ভূমিকাও পালন করা দরকার বলে তিনি মনে করেন।

২০১৮ সাল শেষে প্রাইম ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩২ কোটি টাকা। বিনিয়োগের পরিমাণ ২০ হাজার ৫৮১ কোটি টাকা এবং সম্পদের পরিমাণ ২৯ হাজার ৩৯০ কোটি টাকায় পৌঁছেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী এবং মো. তৌহিদুল আলম খান। এছাড়াও প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।