এগিয়ে গিয়েও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হার মানতে হয় বায়ার্ন মিউনিখকে। এছাড়া ম্যাচের পুরো সময় আধিপত্য বিস্তার করে খেলে মিউনিখ। তারপরও ম্যাচটি হারতে হয় তাদের। তাই রিয়ালের এই জয়কে তাদেরই দেয়া উপহার বলে মনে করছেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস।
বায়ার্ন কোচ বলেন, ‘আমরা শুরু থেকেই ভালো ফুটবল খেলতে থাকি। ফলে আমরাই ম্যাচে প্রথম এগিয়ে যাই। কিন্তু তাদের প্রথম গোলের পরই আমাদের খেলোয়াড়রা ভেঙে পড়ে। ফলে খুব অল্প সময়ের ব্যবধানে দু’টি গোল আদায় করে নেয় রিয়াল। সহজভাবে বলতে গেলে আমরা রিয়ালকে জয় উপহার দিয়েছি।’
পুরো ম্যাচে বল দখলে রাখার পাশাপাশি রিয়ালের গোল মুখে ১৭টি শটও নেয় বায়ার্ন। এছাড়া গোলের বেশ ক’টি ভালো সুযোগও হাতছাড়া করে তারা। তাই গোল হাতছাড়া করার হতাশাও ঝড়েছে হেইঙ্কেসের কণ্ঠে। তিনি বলেন, ‘আমরা ম্যাচে তাদের চেয়ে ভালো খেলেছি। তাই অনেক সুযোগ পেয়েছি। কিন্তু কাজে লাগাতে পারিনি। গোল না পেলে ম্যাচ থেকে ভালো ফল আশা করা ঠিক নয়।’
আগামী ২ মে প্রতিপক্ষের মাঠে ব্যাকফুটে থেকেই দ্বিতীয় লেগ খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। তবে ওই ম্যাচে ঘুরে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন হেইঙ্কেস। আক্রমণাত্মক ফুটবল খেলে বড় জয় তুলে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি, ‘এই জয়ে ভালো অবস্থানে পৌঁছে গেল মাদ্রিদ। তবে আমাদের আশা এখনো শেষ হয়ে যায়নি। দ্বিতীয় লেগে আমরা ভালো ফুটবল খেলবো। আশা করি ভালো ফল অর্জন করতে পারবো।’
ইত্তেফাক/কেআই
