সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রেজিয়া বেগম (৭০)। তিনি ওই এলাকার দুলু মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানায়, বিকেলে নিহত রেজিয়া বেগম মোমবাতি নিয়ে রান্না ঘরে প্রবেশ করেন। এ সময় রান্নার জন্য গ্যাস সিলিন্ডার চালু করতেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। প্রতিবেশীরা আহত অবস্থায় রেজিয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় সেখান থেকে আগুন লেগে বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/নূহু
