গাজীপুর প্রতিনিধি
খুলনা থেকে অপহূত এক স্কুলছাত্রীকে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরের গজারিয়াপাড়া থেকে উদ্ধার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. দেলোয়ার হোসেন (২৬) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দত্তগ্রাম গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। সে গজারিয়াপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে।
র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে দেলোয়ার হোসেন সোমবার রাতে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) খুলনা জেলার পাইকগাছা থেকে ফুসলিয়ে গাজীপুরে নিয়ে আসে। এ ঘটনায় স্কুলছাত্রীর পরিবার মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। এক পর্যায়ে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে জানিয়ে ছাত্রীর বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। তাকে টাকা নিয়ে গাজীপুরে আসতে বলা হয়। অন্যথায় মেয়েকে হত্যার হুমকি দেয়। পরে বিষয়টি তিনি গাজীপুরে র্যাবকে জানান। র্যাব প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়ার একটি বাসা থেকে অপহূত স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
