কালবৈশাখী ঝড়ে চুয়াডাঙ্গায় ঘর-বাড়ি ও ফসলের ক্ষতি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪০

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মঙ্গলবার রাতের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে প্রবাহিত প্রায় ৩৫ মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে কোনো প্রাণহানি না ঘটলেও চুয়াডাঙ্গা জেলার সর্বত্র বাড়িঘর, গাছ-গাছালি ও কৃষি ফসলের ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকালীন জেলার সর্বত্র বন্ধ হয়ে যায় বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা। রাতের শেষ প্রহরে জেলা শহরে আংশিকভাবে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা চালু হয়।

ওজোপাডিকের চুয়াডাঙ্গাস্থ নির্বাহী প্রকৌশলী সুবক্তগীন ও সহকারী প্রকৌশলী আব্দুর রহমান জানান, ঝড়ে বিদ্যুত্ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। লোকজন নিয়ে সরেজমিনে বিদ্যুত্ লাইন চেক করছি। শিগগিরই বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা সচল করা হবে।