ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত করে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারদণ্ড ভোগ করতে হবে। বুধবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রমের নাহিদ মোল্লা ও সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রামের ফরিদ মৃধা।
ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি বাবু মৃধা জানান, ২০১৬ সালের ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে নাহিদ মোল্লাকে ভাঙ্গা বাজার এলাকা হতে হাত বোমা ও জেহাদী বইসহ গ্রেফতার করে ভাঙ্গা থানার পুলিশ। সে নিজেকে আনসারউল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য বলে পরিচয় দেয়। নাহিদ জানায়, ফরিদপুরে আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান ফরিদ মৃধা। তার দেওয়া তথ্য মতে ওইদিন রাতে সদরপুরের আলমনগরস্থ নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি সুটার গান, চারটি গুলি ভর্তি ম্যাগজিন, ১২টি হাত বোমা ও বোমা তৈরির সরমঞ্জামসহ গ্রেফতার করা হয় ফরিদ মৃধাকে। পরদিন ২৭ আগস্ট ভাঙ্গা থানার এসআই গাজী সালাহউদ্দিন বাদী হয়ে মামলা করেন।
