হামলাকারীর ৮টি ঘরে অগ্নিসংযোগ
পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশ উপজেলায় মাছ বিক্রির টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আনু মিয়া (৩২) নামে এক যুবক মারা গেছেন। ২২ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার সকালে তিনি মারা যান।
এদিকে আনুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হামলাকারী কালাম মিয়ার বসতবাড়ির ৮টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা। নিহত আনু মিয়া উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শান্তানপাড়া গ্রামের শামছুদ্দিনের ছেলে। অপরদিকে অভিযুক্ত হামলাকারী কালাম মিয়া একই গ্রামের আকবর আলীর ছেলে।
ওসি মকবুল হোসেন মোল্লা জানান, দীর্ঘদিন আগে অভিযুক্ত কালাম মিয়া আনু মিয়ার কাছ থেকে বাকিতে কিছু মাছ কিনেছিল। সেই টাকা চাইতে গেলে গত ২৫ মার্চ কালাম ও তার ভাই আল-আমিন মিলে আনু মিয়াকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় আনুর পরিবার থেকে থানায় একটি মামলা করে। প্রায় ২২ দিন ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার সকালে আনুর মৃত্যু হয়। পলাতক আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
