ঝালকাঠিতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৪০

ঝালকাঠি প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ফাতেমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অপর আসামি পিয়ারা বেগমকে দুই বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঝালকাঠি অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান বুধবার এই রায় দেন। এ সময় আসামি পিয়ারা বেগম পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১  সালের ৯ জুলাই খুলনার ডুমুরিয়া উপজেলার সাইজারা গ্রামের মৃত আব্দুস ছত্তারের স্ত্রী ফাতেমা বেগম ও রাজাপুরের ডহরশঙ্কর গ্রামের পিয়ারা বেগম ৪০ বোতল ফেনসিডিল নিয়ে ঝালকাঠির বাসন্ডা ব্রিজের সন্নিকটে বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুল্লাহ্ তাদের শরীর তল্লাশি করে ২০ বোতল এবং কাগজে মোড়ানো আরো ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ঝালকাঠি থানার এসআই মো. আব্দুল্লাহ্ বাদী হয়ে মামলা করেন।