স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে বুধবার একটি মার্কেট ও একটি প্লাস্টিকের গুদামে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও দমকল সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর মালোপাড়ার সমবায় মার্কেটের সামনের নোহা মেটালিকে আগুন লাগে। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (দমকল) কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। তবে এর আগেই দোকানের বেশকিছু মালামাল পুড়ে যায়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে দুপুর ১২টার দিকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকার একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে। এরপর পাশের একটি খড়ের পালায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজশাহী সদর, রাবি ও পবা ফায়ার সার্ভিসের পৃথক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
