জবি শিক্ষককে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২০:৫৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে স্বপদে বহাল রাখার দাবিতে রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা জানান, তাদের দাবি না মানলে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে।
 
মানববন্ধনের আহ্বায়ক জবির ইংরেজি বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী শিপন আহমেদ বলেন, নাসির স্যারকে অপসারণ করার বিষয়টি প্রশাসনের ষড়যন্ত্র। তাকে অপসারণের মূল কারণ তার আকাশচুম্বি জনপ্রিয়তা এবং ছাত্রদের যুক্তিসঙ্গত প্রতিটি আন্দোলনে সমর্থন দেয়া।
 
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি হিসেবে জবির সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করার কথা জানান। আগামীকাল জবি উপাচার্য ড. মীজানুর রহমানকে স্মারকলিপি প্রদান করার কথা বলা হয়। এরপরেও যদি শিক্ষক সহযোগী অধ্যাপক নাসির উদ্দিনকে ফিরিয়ে না আনা হয় তাহলে জবির প্রত্যেক গেটে তালা ঝুলবে বলে কঠোর কর্মসূচি ঘোষণা তারা।
 
ইত্তেফাক/আরকেজি