সিরাজগঞ্জের যমুনা চরে এ বছর প্রথমবারের-মতো অর্থকরী ফসল সূর্যমুখী ফুলের চাষ শুরু হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার চক বয়ড়া গ্রামের কৃষক ইউনুস আলী 'নর্দার্ন ফ্লায়ার্স' মিলের বীজ সহায়তা ও সিরাজগঞ্জ কৃষি বিভাগের পরামর্শে যমুনা চরে জেগে উঠা তার ৫ বিঘা জমিতে এই ফুলের চাষ করেছেন। প্রথম বছরেই যে ফলন হয়েছে তাতে সে বেশ আশাবাদী। বর্তমানে প্রতিটি গাছেই ফুল এসেছে। ফুলগুলিও বেশ বড় হয়েছে।
কৃষক ইউনুস আলী আশাবাদ ব্যক্ত করে বলেন আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম বছরেরই তার বাম্পার ফলন হবে। তিনি জানান, তার দেখাদেখি এলাকার আরো অনেক কৃষকই এই ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছে এবং আগামী বছর তারা এই ফুল চাষ করবে।
এব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলী জানান, কৃষি বিভাগ এই বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে। আগামী বছর থেকে কৃষকদের এনএটিপি প্রকল্পের আওতায় সূর্যমুখী চাষে সহায়তা দেয়া হবে। তিনি জানান, সূর্যমুখী বীজে ৪০/৪৫ ভাগ তেল থাকে যা জনস্বাস্থ্যেও জন্য উপকারী। এতে উপকারী লিনোলিক এসিড আছে ক্ষতিকারক ইরোমিক এসিড নেই। তিনি আরো বলেন, জেলায় সূর্যমুখী চাষ কৃষি শস্য বিন্যাসে নতুন মাত্রা যোগ হবে।
ইত্তেফাক/এসএস
